পাবনা গণপূর্ত কার্যালয়ে প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার ও মামলার আসামি মোকছেদুল আলম নয়ন পলাতক রয়েছেন। তিনি পাবনা পৌর এলাকার চকছাতিয়ানী মহল্লার মৃত হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ঠিকাদার নয়ন সোমবার সকালে গণপূর্ত কার্যালয়ে যেয়ে পাবনা গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারের সঙ্গে একটি অসম্পূর্ণ কাজ নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে প্রকৌশলীকে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওইদিনই পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, 'মারধরের শিকার গণপূর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার সোমবার সন্ধ্যার পর লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় মঙ্গলবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ঠিকাদারকে ধরতেও ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে। কিন্তু, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। আশা করছি খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে।'
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম ডেইলি স্টারকে বলেন, 'সরকারি কর্মকর্তার অফিসে ঢুকে তার গায়ে হাত দেওয়া সত্যিই দুঃখজনক ঘটনা। আমরা আইনগতভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্যে কাজ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই ঠিকাদারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।'


Comments