রাজনৈতিক তকমা দিয়ে নিরাপদ সড়কের যৌক্তিক আন্দোলনকে সরকার বিব্রত করতে চায় বলে মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ শনিবার রামপুরায় 'সড়কে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার' প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ কথা বলেন সোহাগী সামিয়া। তিনি খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন।
গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি মহল দাবি করে আসছেন, শিক্ষার্থীদের সংগঠক সোহাগী সামিয়ার বয়স ৩০। তিনি কোনো শিক্ষার্থী নন বরং একটি রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তিনি এই আন্দোলনে উস্কানি দিচ্ছেন।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেন, 'নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলের উস্কানি রয়েছে।'
এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
মন্ত্রীদের এসব বক্তব্য ও ফেসবুক পোস্টের প্রেক্ষিতে সোহাগী সামিয়া বলেন, 'আমি ৩০ বছরের কোনো মহিলা না। আমি খিলগাঁও মডেল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। কদিন পরেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা।'
এ সময় তিনি তার সকল একাডেমিক ডকুমেন্টস সাংবাদিকদের দেখান।
তিনি জানান, 'শুরু থেকেই নিরাপদ সড়কের আন্দোলনে সম্পৃক্ত আছি। রামপুরায় একরামুন্নেসা স্কুলের এস এস সি পরীক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার পর আন্দোলন বিশেষ গতি পায়।'
তিনি বলেন, 'আমি বুক ফুলিয়ে বলি, আমি ২০১৭ সাল থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত। বর্তমানে আমি এই সংগঠনের ঢাকা নগর কমিটির দপ্তর সম্পাদক।'
তিনি দাবি করেন, 'আমি এ দেশের একজন সাধারণ নাগরিক। রাজনীতি করার অধিকার আমার রয়েছে।'
সোহাগী সামিয়া বলেন, 'নিরাপদ সড়কের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আমার কোনো বক্তব্য, স্লোগান ও কর্মসূচিতে আমি কোনো রাজনৈতিক ও সাংগঠনিক ইস্যু টেনে আনিনি। রাজনৈতিক কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্য আমার নেই।'




Comments