ওজনে কম দেওয়া, নিম্নমানের খাবার বিক্রি ও পরিবেশ অপরিষ্কার থাকায় ফরিদপুরে দুটি মিষ্টির দোকান ও দুটি রেস্তোরাঁকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইমাম রাজী।
তিনি জানান, অভিযানকালে বাগাট রাজ কুমার মিষ্টান্ন ভাণ্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং সুইট হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার ও খন্দকার চাইনিজ রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ইমাম রাজী বলেন, 'বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার প্রতি কেজি দই বিক্রি করে বিক্রেতাকে তিন শ গ্রাম করে কম পরিমাণ দই দিচ্ছিল। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন এবং বিক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করছিলেন।'


Comments