মার্কিন নিষেধাজ্ঞার প্রায় ৪ মাস পর কুমিল্লায় মাদক চোরাকারবারীদের গুলিতে নিহত মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি রাজু র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।
আজ রোববার ভোররাত আনুমানিক দেড়টার দিকে কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের গোলাবাড়ি সীমান্তে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এই প্রথম 'বন্দুকযুদ্ধে' কারো নিহত হওয়ার ঘটনা ঘটলো।
নিহত রাজু (৩৫) কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়া ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার তানজিনা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়াও, নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একাধিক কর্মকর্তা র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহতের কথা জানিয়েছেন।
এ দিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার থেকে জানা যায়, নিহত রাজুর মরদেহ ভোররাত সোয়া ২টায় হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা সর্দার আব্দুস সাত্তার। হাসপাতালের রেকর্ডে উল্লেখ আছে নিহত রাজুকে মৃত অবস্থায় নেওয়া হয়েছে।
'বন্দুকযুদ্ধে'র বিষয়ে র্যাব ১১ সিপিসি ২ এর কমান্ডার মেজর মো. সাকিব হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।
বিষয়টি র্যাব আনুষ্ঠানিক জানাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে মহিউদ্দিন সরকার নায়েমকে গুলি করে পালিয়ে অভিযোগ ওঠে রাজুসহ অন্যদের বিরুদ্ধে।
পরে মহিউদ্দিন স্থানীয় ২ যুবক বিজিবির সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার রাজুসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।




Comments