ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন অভিযোগটি আমলে নেন এবং অভিযোগ গঠনের উপশুনানির জন্য আগামী ২০ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।
একই আদালত কাজলের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগ থেকে জামিন নিয়েছিলেন। চলতি বছরের ১৪ মার্চ পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ও এই মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা কাজলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জামা দেন।
তাতে উল্লেখ করা হয়, যুব মহিলা লীগের সাবেক নেতা শামিমা নূর পাপিকে নিয়ে কাজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা সংবাদ প্রচার করেন।
একই আদালত গতকাল মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কাজলকে জামিন দেন। সেই সঙ্গে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩১ আসামিকে দায় থেকে অব্যাহতি দেন। ওই মামলায় অভিযোগ গঠনের জন্য আদালত আগামী ২০ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।
মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় কাজল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন। মামলায় বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।


Comments